বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ঠেকাতে শক্তিশালী মিডিয়ার দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমের গুজব ঠেকাতে শক্তিশালী মিডিয়ার দাবি

সিলেট প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিরুদ্ধে মূলধারার সংবাদমাধ্যমকে আরও সোচ্চার ও কার্যকর হওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে আয়োজিত ২০২৬–২০২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় ‘আন-এডিটেড’ ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পড়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্যের কোনো জবাবদিহিতা নেই, তাই সাধারণ মানুষকে সঠিক তথ্য দিতে মূলধারার সংবাদমাধ্যমগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মেও শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে হবে এবং এমন বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে, যাতে মানুষ ব্রেকিং নিউজ দেখেই মূলধারার পোর্টালে গিয়ে তথ্য যাচাই করে। সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুকতাবিস উন নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবীর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ মোহসীন উদ্দিন ও যুক্তরাজ্যস্থ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি পাশা খন্দকার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, ইকবাল সিদ্দিকী ও আহমেদ নূর, যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার নজির আহমদ, দৈনিক সিলেট সংলাপ সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার; স্বাগত বক্তব্য দেন অভিষেক কমিটির আহ্বায়ক ও সাবেক সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সঙ্গে নিজের আত্মিক সম্পর্ক ও ব্যক্তিগত অভিজ্ঞতার কথা স্মরণ করে আলী ইমাম মজুমদার বলেন, ২০০৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সিলেট প্রেসক্লাব অনুঘটকের ভূমিকা রেখেছিল, সে কৃতজ্ঞতাবোধ থেকেই তিনি ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানে এসেছেন। সাংবাদিকতার মান ও নৈতিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কিছুটা অধঃপতন লক্ষ্য করা যাচ্ছে, তবে পেশাদার সাংবাদিকদের দায়িত্বশীলতায় এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব এবং নিরপেক্ষ থেকে দেশ ও জনস্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments