নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রায় ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী ও বগুড়া সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফেরার পর এটিই হবে তাঁর নিজের নির্বাচনী এলাকায় প্রথম সফর।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন এবং সেখানে আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। এরপর নওগাঁর দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তিনি সড়কপথে তাঁর পৈতৃক জেলা বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন। বগুড়ায় পৌঁছে তিনি শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় নির্বাচনী বক্তব্য দেবেন। উল্লেখ্য, তারেক রহমান আসন্ন নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সফরকে ঘিরে উত্তরাঞ্চলজুড়ে বিশেষ করে বগুড়ায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা বিএনপি। গত রোববার দলটির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা জনসভার মাঠ পরিদর্শন করেছেন। এর আগে ১১ জানুয়ারি এই সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়েছিল। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে কাছে পেয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে।



