আমরা বাংলাদেশের নেতৃত্ব যুবকদের হাতে তুলে দিতে চাই—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ১১দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণ যদি তাদের পবিত্র ও মূল্যবান ভোট দিয়ে এ জোটকে নির্বাচিত করে তাহলে আমরা এ জাতিকে আর বিভক্ত হতে দেব না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই। জেলা জামায়াতের আয়োজনে শহরের লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, যুবকরা বেকার ভাতার জন্য কোনো দাবি জানায়নি, তাই আমরা বেকার ভাতা দিয়ে তাদের অপমানিত করতে চাই না; বরং তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম, আমরা জুলাই যোদ্ধাদের অন্তরে জায়গা দেব এবং আমরা কথা রেখেছি। জুলাই এসেছিল বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, জুলাই এসেছিল বলেই আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে। কিন্তু কেউ কেউ জুলাই যোদ্ধাদের স্বীকার করতে চান না, যা লজ্জাজনক ও মেনে নেওয়া যায় না। জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি ও জাকসু জিএস মাজহারুল ইসলাম প্রমুখ।



