নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম পাঁচ জয়ের পরই নিশ্চিত হয় বাংলাদেশের বিশ্বকাপ খেলা। সমীকরণের মারপ্যাঁচে সামান্য সুযোগ থাকলেও সেটি আর দেয়নি নিগার সুলতানা জ্যোতির দল। অধিনায়কের দারুণ পারফরম্যান্সের সঙ্গে দিলারা আক্তার, সোবাহনা মোস্তারি ও মারুফা আক্তারের দারুণ খেলায় স্কটল্যান্ডকে হারায় বাংলাদেশের মেয়েরা। স্কটিশদের বিপক্ষে ৯০ রানের বিশাল জয়ে কাগজে-কলমে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আর কোনো সুযোগ নেই লাল-সবুজের প্রতিনিধিদের। কীর্তিপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস যোগ করেন ৬৭ রান। ২৮ বলে ৩৯ রানের ইনিংস খেলা দিলারার ব্যাটে ছিল ছয়টি চার ও একটি ছক্কা, আর জুয়াইরিয়া করেন ২২ বলে ২২ রান। এরপর টানা দুই উইকেট হারানোর পর দায়িত্ব নেন অধিনায়ক জ্যোতি। তিনি ক্যারিয়ারের দশম ফিফটি তুলে নিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৫ বলে ৫৬ রানে, যেখানে ছিল পাঁচটি চার ও তিনটি ছক্কা। মিডল অর্ডারে সোবাহনা মোস্তারি ২৩ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাতটি চার ও দুটি ছক্কায়। তাতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৯১ রান। স্কটল্যান্ডের হয়ে প্রিয়াঞ্জ চ্যাটার্জি, কোল অ্যাবেল ও ক্যাথেরিন ফ্রেসার নেন একটি করে উইকেট। ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে স্কটল্যান্ড। প্রথম বলেই মারুফা আক্তারের বলে ওপেনার ডার্সি কার্টার জ্যোতির হাতে ক্যাচ তুলে দেন। বড় কোনো জুটি গড়তে না পারা স্কটিশরা থামে ২০ ওভারে ৯ উইকেটে ১০১ রানে। দলীয় সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্যারউল, ২০ করেন মেগান ম্যাককোল। বাংলাদেশের হয়ে মারুফা আক্তার ২৫ রানে তিনটি, স্বর্ণা আক্তার ১৩ রানে দুটি এবং নাহিদা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১৯১/৫, স্কটল্যান্ড ১০১/৯। ফলাফল: বাংলাদেশ ৯০ রানে জয়ী। ম্যাচসেরা: নিগার সুলতানা জ্যোতি।



