বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
spot_img
Homeজাতীয়বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?

বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?

নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন। বিএনপি সরকারের যাত্রা শুরুর পর এখন আলোচনায় রয়েছে—রাষ্ট্রপতি কে হবেন এবং কবে নির্বাচন হতে পারে। বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দায়িত্ব নিয়েছিলেন শেখ হাসিনা সরকারের আমলে। তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। ফলে তিনি পদত্যাগ না করা বা অভিশংসনের মাধ্যমে অপসারণ না হওয়া পর্যন্ত নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই বলে মত দিয়েছেন সংবিধান বিশ্লেষকরা। ছাত্র-জনতার আন্দোলনের মুখে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি উঠলেও শেষ পর্যন্ত তিনি দায়িত্বে বহাল থাকেন এবং তার কাছেই তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকার শপথ নেয়। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনের পর সরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর এবং সর্বোচ্চ দুইবার দায়িত্ব পালন করা যায়। মেয়াদ শেষ, পদত্যাগ বা অভিশংসনের মাধ্যমে পদ শূন্য হলে নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করে। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন; প্রার্থী হতে হলে ন্যূনতম বয়স ৩৫ বছর এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হয়। প্রধান নির্বাচন কমিশনার ‘নির্বাচনী কর্তা’ হিসেবে স্পিকারের সঙ্গে পরামর্শ করে তফসিল ঘোষণা করেন। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ শেষজনিত শূন্যতার ক্ষেত্রে মেয়াদপূর্তির পূর্ববর্তী ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে। একক প্রার্থী হলে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। বর্তমানে রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকটের সময়ে পদটির গুরুত্ব বাড়ে। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন। রাষ্ট্র সংস্কার প্রস্তাবনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে, তবে তা কার্যকর করতে সংবিধান সংশোধন প্রয়োজন। সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের সম্ভাবনা কম বলেই বিশ্লেষকদের ধারণা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments