নাজমুল সাদ,কুমিল্লা, হেমনা প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলায় শ্রীপুর কৃষ্ণপুর এলাকায় শুক্রবার গভীর রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ, আহত হয়েছেন আরও দুইজন। হোমনা-টু-কোম্পানিগঞ্জ সড়কে উচ্চগতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন কাউসার মিয়া, পেশায় একজন পরিশ্রমী ইলেকট্রিশিয়ান। তিনি উপজেলার দড়িভাষানিয়া গ্রামের মৃত হাশেম মিয়ার ছেলে।
আহতরা হলেন ঘারমোড়া ইউনিয়নের রহমত উল্লাহ ও আবদুল্লাহ। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চার বন্ধু মিলে দুই মোটরসাইকেলে করে মুরাদনগরের তিতাস এলাকা থেকে রাতের খাবার শেষে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে রাত আনুমানিক ১২টার দিকে নিজেদের বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাউসার মিয়াকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে ঢাকায় রেফার করেন।



