মো মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে শেরপুর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন অফিস, শেরপুরের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পুষ্টিকর খাদ্যের গুরুত্ব তুলে ধরে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞাসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিস পুষ্টিবিষয়ক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে শেরপুর পৌরসভার আয়োজনে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পুষ্টি প্যাকেট বিতরণ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা ও পুষ্টিকর খাদ্য গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ ফারজানা হক ববি, পৌরসভার কর্মচারী, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ।



