বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
spot_img
Homeসারাদেশগোয়ালন্দ পিডিপি বিদ্যুৎ অফিসের পাশে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

গোয়ালন্দ পিডিপি বিদ্যুৎ অফিসের পাশে ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ীরা এলাকায় বিদ্যুৎ না পেয়ে বিষয়টি খেয়াল করেন। পরে দেখা যায়, খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।
স্থানীয় চা ও পান-সিগারেট দোকানদার নজরুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। পরে বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়। গত ১০-১২ বছরে আমার দোকানে ৪-৫ বার চুরি হয়েছে। এজন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি।
আরেক দোকানদার বলেন, বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। পরে এক রিকশাচালক জানায়, নিচে কিছু পড়ে আছে। গিয়ে দেখি ট্রান্সফরমারের কভার পড়ে আছে। বিদ্যুৎ অফিস ও পুলিশ এসে তদন্ত করেছে। ভেতরের সবকিছু নিয়ে গেছে, শুধু কভার পড়ে ছিল। আমরা জানমালের নিরাপত্তা চাই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশেদুল ইসলাম বলেন, সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরের কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments