দিল মোহাম্মদ চঞ্চল, ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর থানাধীন ৫ নং ফুলপুর সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বৈদ্যুতিক ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। ০৭ মে ২০২৬ দিবাগত রাতে পশ্চিম বাখাই ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দুর্বৃত্তরা পশ্চিম বাখাই ঈদগাহ মাঠের পাশের খুঁটিতে থাকা ট্রান্সমিটারটি খুলে এর ভেতরের মূল্যবান তামা ও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে চম্পট দেয়। আজ সকালে স্থানীয়রা ট্রান্সমিটারটি ভাঙা অবস্থায় নিচে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে খবর দেয়।
ট্রান্সমিটারটি বিকল হয়ে যাওয়ায় ওই এলাকার কয়েকশ পরিবার বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। গরমে জনজীবন অতিষ্ঠ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন ঘটছে।
এলাকাবাসী জানান, ইদানীং ফুলপুর উপজেলা ও তার আশপাশ অঞ্চলে চুরির উপদ্রব বেড়ে গেছে। এলাকাবাসী ভুক্তভোগীর বলেন, “ট্রান্সমিটার চুরি হওয়ায় আমরা অন্ধকার ও নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনস্থাপন এবং দোষীদের গ্রেপ্তারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা বা কাউকে আটকের খবর পাওয়া যায়নি।



