শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার মহিলা ক্রিকেটের উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মিজ্ রাজিয়া সামাদ ডালিয়া, জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বাবা মোঃ সিরাজুল হক, আইডিয়াল ক্রিকেট একাডেমির মহিলা ক্রিকেট কোচ রাজীব আহমেদ, স্থানীয় নারী ক্রিকেটার, কোচ এবং ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শেরপুরে মহিলা ক্রিকেটের উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে এ জেলার নারী ক্রিকেটাররাও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হবে।
তিনি মহিলা ক্রিকেটের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত অতিথি, কোচ ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা শেরপুরে নারী ক্রিকেটের বিকাশে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



