ঢাকা, ২৫ আগস্ট ২০২৫: বৃহত্তর উত্তরার আওতাধীন ঢাকা-১৮ আসনের তিনটি ওয়ার্ড (৫২, ৫৩ ও ৫৪ নং) কর্তন করে ঢাকা-১৬ মিরপুর অঞ্চলের সাথে সংযুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার বিকেল ৫টায় উত্তরা আজমপুর মেইন রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজনের সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা মোহাম্মদ এনামুল হক হাসান। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের দেওয়াল ঘড়ি মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী ও খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।
অনুষ্ঠান পরিচালনা করেন মাহমুদুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সচেতন নাগরিক সমাজের সদস্য ও ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গোলাম হামিদ এবং ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, ঢাকা-১৮ আসন বিভক্তির কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এ ষড়যন্ত্র প্রতিহত করা হবে। পাশাপাশি অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়, জনগণকে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে জনজীবন বিপর্যস্ত করার এই উদ্যোগ অবিলম্বে বন্ধ করতে হবে।



