ঢাকা, ২৬ আগস্ট ২০২৫: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাবাকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার তিনি তার ফেসবুক আইডিতে পুরোনো একটি লেখা পুনরায় শেয়ার করে নতুন ক্যাপশন যোগ করেন।
পোস্টে তিনি লেখেন, “উনি উনার সারাজীবন ধরে আমাদেরকে হিমালয়-সম ব্যক্তিত্ব, নিরাসক্ত পর্বতসম মহত্ত্বকে আঁকড়ে ধরে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।”
২০২২ সালের ৯ জানুয়ারি প্রথম প্রকাশিত সেই স্ট্যাটাসে বাবার সঙ্গে তোলা একমাত্র ছবির কথা উল্লেখ করেছিলেন হাসনাত। সেখানে তিনি লিখেছিলেন “পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা। এটা বাবার সাথে আমার প্রথম এবং একমাত্র ছবি।”
হাসনাত তার পোস্টে বাবার চরিত্রের মহত্ত্ব ও নির্লিপ্ততার কথা উল্লেখ করে বলেন, “উনি খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, দারুণ অদ্ভুত। সারাজীবন উনি হারিয়ে গিয়েছেন জীবনকে নিয়ে যেমন খুশি তেমন খেলার অশান্ত ঢেউয়ের মহাকালের অতলে। তবে শেষ পর্যন্ত ডুবে যাননি, ভেসে থেকেছেন, ভাসিয়ে রেখেছেন, নিজেকে এবং আমাদের সবাইকে।”
তিনি আরও লেখেন, বাবার নীতি-আদর্শই তার জীবনের বড় শিক্ষা। “আমাকে অনেকেই প্রশ্ন করেন আমার এই ঠোঁট কাটা স্বভাব কোথায় পেলাম। সেটাও আমার বাবার শিক্ষা। উনি প্রায়শই বলেন, জীবনে হারজিত থাকবে, উত্থান-পতন আসবে… কিন্তু একমাত্র স্থায়ী থাকবে আদর্শ। যেকোনো প্রতিকূল পরিস্থিতিতেই তোমার ধারণ করা নীতি ও আদর্শের সঙ্গে কখনো আপস করবে না।”
দীর্ঘ ছয় বছর পর বাবাকে কাছে পাওয়ার অনুভূতি প্রকাশ করে হাসনাত লিখেন, “আগামী চার মাস উনার সান্নিধ্যে পাবো। এটা এ-বছরের বড় প্রাপ্তি। আমার বাবার সার্বিক কল্যাণ হোক।”



