বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, জাতিসংঘে প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর মন্তব্য আগামী জাতীয় নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজন করা একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, “অনেকে প্রধান উপদেষ্টাকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার পরামর্শ দিয়েছেন বলে সাক্ষাৎকারে বলা হয়েছে। এই মন্তব্য আসলে জনগণকে বিভ্রান্ত করছে এবং নির্বাচনের বিষয়ে শঙ্কা বাড়াচ্ছে।”
তিনি আরও বলেন, দেশের কিছু অঞ্চলে অশান্তি সৃষ্টি হচ্ছে, অনৈক্য তৈরি করা হচ্ছে—সবই মূলত জাতীয় নির্বাচন বানচালের প্রচেষ্টা। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা, অর্থনীতি ও জনগণের জীবনমান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
জয়নুল আবদিন ফারুকের মতে, সামনের নির্বাচন প্রধান উপদেষ্টার জন্য কঠিন পরীক্ষা হবে এবং এ সময়ে নানা ষড়যন্ত্রের আশঙ্কা রয়েছে। তিনি আশ্বস্ত করেন, বাংলাদেশে ষড়যন্ত্র করে কেউ সফল হবে না।
আলোচনা সভায় ঢাকাস্থ সেনবাগ ফোরামের সভাপতি লায়ন এবি এম ফারুক সভাপতিত্ব করেন। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



