পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসলমানদের জন্য সুখবর দিয়েছে সৌদি আরব। এখন থেকে দেশটিতে অবস্থানরত যেকোনো ধরনের ভিসাধারীই ওমরাহ পালন করতে পারবেন।
সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত, পারিবারিক, ই–ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রমসহ সব ধরনের ভিসাধারীই এই নতুন সুবিধার আওতায় আসবেন।
সরকারের লক্ষ্য—বিশ্বের সব প্রান্ত থেকে আগত মুসলমানরা যেন আরও সহজে, স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদভাবে ওমরাহ পালন করতে পারেন। এ ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি সরকার সম্প্রতি চালু করেছে ‘নুসুক ওমরাহ’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালন করতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে, অনুমতিপত্র সংগ্রহ করতে এবং সময়সূচি নির্ধারণ করতে পারবেন।
সৌদি প্রেস এজেন্সি (SPA) জানায়, বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধর্মীয় প্রতিশ্রুতি ও অতিথিপরায়ণতার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের লক্ষ্য, মুসল্লিদের জন্য একটি শান্তিপূর্ণ, আধ্যাত্মিক ও প্রযুক্তিনির্ভর ওমরাহ অভিজ্ঞতা নিশ্চিত করা।



