ময়মনসিংহ, শনিবার ─ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, “আমরা মনে করি, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হারাবে। পরিষ্কার ভাষায় বলছি, জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে এবং এটিকে আইনি ভিত্তি দিতে হবে।”
আজ শনিবার বেলা একটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, “বৃষ্টির মধ্যেও আপনাদের উপস্থিতি প্রমাণ করে, হালুয়াঘাট ইসলামী চেতনার ঘাঁটি। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, খেলাফত মজলিস ও ইসলামপন্থীরা ১৫ বছর ধরে ফ্যাসিবাদ ও জুলুমের বিরুদ্ধে লড়াই করে আসছে। শেখ হাসিনার সময় আমাদের কর্মীরা নির্যাতনের শিকার হয়েছে, কারাগারে গেছে, কিন্তু মাথা নত করেনি। ২০১৩ সালে শাপলা চত্বরে জীবন দিয়েছি, ২০২১ সালে আবার জালিমের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছি।”
তিনি বলেন, “আমাদের অনেক নেতা অন্যায়ভাবে বছরের পর বছর বন্দী ছিলেন। আমরা নির্যাতন সহ্য করেছি, কিন্তু দেশ, স্বাধীনতা ও ইসলামের প্রশ্নে কখনও আপস করিনি। ২০২৪ সালের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার প্রতিটি অর্জন রক্ষায় খেলাফত মজলিস সংগ্রাম চালিয়ে যাবে।”
শেখ হাসিনার সমালোচনা করে মামুনুল হক বলেন, “আমরা সেই জুলুম, নির্যাতন ও স্বৈরাচারের রাজনীতির বিরুদ্ধে সংগ্রাম করছি। দেশ ও ইসলামের প্রশ্নে আমরা কোনো অপশক্তির সামনে মাথা নত করব না ইনশা আল্লাহ।”
এরপর বিকেল আড়াইটার দিকে জেলার ফুলপুর সরকারি কলেজ মাঠে পাঁচ দফা দাবিতে আয়োজিত গণসমাবেশে মামুনুল হক বলেন, “বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া কোনো বিকল্প নেই। খেলাফতের ব্যবস্থায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত হয়। জুলাই বিপ্লব ছিল ইসলামি বিপ্লবের পূর্বাভাস। আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও খেলাফতের বাংলাদেশ।”
সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের হালুয়াঘাট উপজেলা সভাপতি ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী মাওলানা তাইজুল ইসলাম আকন্দ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি হেদায়াতুল্লাহ হাদী, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ স্থানীয় নেতারা।
গণসমাবেশে উপস্থিত হাজারো মানুষ ‘জুলাই সনদ বাস্তবায়ন চাই’ ও ‘ইসলামী শাসন প্রতিষ্ঠা করো’ স্লোগানে মাঠ মুখরিত করে তোলে।



