রাজনৈতিক অঙ্গনে নতুন সংযোজন হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নতুনভাবে নিবন্ধনপ্রাপ্ত তিনটি দল হলো— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ, এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল।
ইসি সচিব আরও বলেন, “বুধবার (৫ নভেম্বর) এই দলগুলোর বিষয়ে দাবি-আপত্তি গ্রহণের জন্য জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত সংশ্লিষ্টরা তাদের দাবি বা আপত্তি জমা দিতে পারবেন। নির্ধারিত সময় শেষে যাচাই-বাছাই সম্পন্ন করে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।”
তিনি জানান, নিবন্ধনের প্রক্রিয়ায় থাকা ৮টি রাজনৈতিক দল শেষ পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারেনি। এছাড়া নেজামে ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশ পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে। অন্যদিকে আরও ৩টি দলের বিষয়ে তদন্ত শেষে কমিশন মনে করেছে, তারা নিবন্ধনের মানদণ্ড পূরণ করেনি।



