রাজনীতি নিয়ে ইসলামি পণ্ডিতদের মাঝে মতপার্থক্য তৈরি হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, হীন রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় ব্যাখ্যা ব্যবহার করলে তা জাতির জন্য ক্ষতিকর। তাই সমাজে যেন কোনো অস্থিরতা তৈরি না হয়—এ বিষয়ে আলেমদের সজাগ থাকতে হবে।
রাজধানীর বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আজ বিকেলে আয়োজিত ইমাম ও খতিব সম্মেলনে ভিডিও বার্তায় তারেক রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, “দীর্ঘ দেড় দশকের তাঁবেদারি শাসন স্পষ্ট করেছে—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের বিকল্প নেই।”
আগামী নির্বাচনকে সামনে রেখে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইমাম-খতিব এবং মুয়াজ্জিনদের দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। বিএনপি আবার ক্ষমতায় গেলে দেশের ইমাম এবং মুয়াজ্জিনদের সম্মানী ভাতা ও সার্ভিস রুলস বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান।
তারেক রহমান বলেন, “মসজিদ কমিটির ওপর ইমাম-মুয়াজ্জিনদের চাকরি নির্ভর থাকা উচিত নয়। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে তাঁদের জন্য সার্ভিস রুলস অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব।”



