ক্ষমতা বা আসনের বিনিময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক সমঝোতায় যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের সমঝোতা যদি হয়, তা হবে নীতিগত কারণে। ক্ষমতা বা আসনের লোভে এনসিপি কারও সঙ্গে আপস করবে না। আমরা একটি আসন না পেলেও দলের আদর্শ অটুট থাকবে।”
এসময় দলের মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে প্রচারণায় গেলে হুমকি-ধমকি ও পরিবারের ওপর হামলার মুখে পড়ছেন। তিনি দাবি করেন, প্রশাসনে পূর্ব সরকারের নিয়োগপ্রাপ্ত অনেক কর্মকর্তাকে এখনো সরানো হয়নি এবং এগুলো নির্বাচনকে প্রভাবিত করছে।
মনোনয়ন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা সৎ প্রার্থী দিচ্ছি—এটাই এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক।” তিনি আরও বলেন, গণ–অভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে এর প্রতিনিধিদের সংসদে যাওয়া প্রয়োজন।
দলের মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, সাংগঠনিকভাবে শক্তিশালী অবস্থান বজায় রাখতে এনসিপি মাঠপর্যায়ে সক্রিয়।
জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, ১ হাজার ৪৮৪ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রবিবার ও সোমবার দুই দিন ধরে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।



