আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে চারটি দলের নতুন জোট গঠনের প্রাথমিক আলোচনা চলছে। সম্ভাব্য জোটে থাকতে পারে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
এনসিপি সূত্র জানায়, গত কয়েক মাস ধরে দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে। ফ্যাসিবাদ-বিরোধী অবস্থান ও জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য থাকলেও আসন ছাড়–সংক্রান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, এটি তরুণদের নেতৃত্বে তৃতীয় শক্তি তৈরির উদ্যোগ। কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলের একাধিক নেতা জানান, বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ছোট দলগুলোর সঙ্গে নতুন জোট গড়তে চায় এনসিপি।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কয়েক দিনের মধ্যেই নতুন জোটের ঘোষণা আসতে পারে।
অন্যদিকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানান, জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোকে নিয়ে নতুন জোট গঠনের সিদ্ধান্ত হয়েছে।
জোটের বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন বলেন, মধ্যমপন্থী দলগুলোর সঙ্গে ঐক্য প্রক্রিয়া চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় আলোচনার পর নেওয়া হবে।



