গণভোট ইস্যুতে আগের অবস্থান থেকে সরে এসেছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত আট দল। প্রতি আসনে একক প্রার্থী বাছাইয়ের কাজ মঙ্গলবার থেকে শুরু করবে তারা। আট দলের পক্ষ থেকে প্রতিটি আসনে একজন প্রার্থী দিয়ে বিজয় নিশ্চিতের চেষ্টা চলবে। পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী করতে ক্যাম্পেইনসহ নানা কর্মসূচি নেওয়া হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে আট দলের লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের। বৈঠক শেষে তিনি জানান, পাঁচ দফা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি, তবে অনেকগুলো আংশিকভাবে বাস্তবায়নের পথে। তারা আগে গণভোট আগে চাইলেও সরকার জাতীয় নির্বাচনের দিনই গণভোটের ঘোষণা দিয়েছে, বৃহত্তর স্বার্থে তারা এটি মেনে নিয়েছে এবং ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে র্যালি, গণসংযোগ, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি এখনও বহাল রয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চলবে এবং তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আট দল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে নিজ নিজ পরিমণ্ডলে র্যালিসহ কর্মসূচি পালন করবে। ড. কাদের জানান, মঙ্গলবার থেকে প্রার্থী বাছাই শুরু হবে এবং ৩০০ আসনে আট দলের পক্ষ থেকে একজন করে প্রার্থী দেওয়ার লক্ষ্য রয়েছে। তিনি বলেন, কোনো জোটের নাম ব্যবহার করা হবে না, প্রার্থী হবেন দেশপ্রেমিক ও ঐক্যের প্রতীক। আট দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, আন্দোলন প্ল্যাটফর্মের সিদ্ধান্ত অনুযায়ী এক আসনে এক প্রার্থী থাকবে এবং আট দল সমঝোতার প্রার্থীকে বিজয়ী করতে কাজ করবে। মঙ্গলবার থেকেই বাছাই শুরু হবে এবং দ্রুত শেষ করার লক্ষ্য আছে। আট দলের পাঁচ দফার দাবিতে সাতটি বিভাগীয় সমাবেশে ব্যাপক অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান ড. কাদের। তিনি বলেন, সমাবেশগুলোতে জনসম্পৃক্ততা প্রমাণ করেছে যে জনগণ তাদের কর্মসূচি গ্রহণ করেছে এবং কর্মীদের মধ্যে সংহতি বেড়েছে। বৈঠক ও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব মোহাম্মদ নিজামুল হক নাঈম।



