ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এ সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানা গেছে। এ সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ পরিবহনের দুটি বাস ভাঙচুর করেন। উল্লেখ্য, গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি মৌখিক শান্তিচুক্তি হয় এবং আর মারামারি না করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে ২ ডিসেম্বর একই বাসে যাতায়াতের সময় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি শুরু হয়। পরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিলে ঢাকা কলেজসংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।



