রাবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে ৬৮ ভর্তিচ্ছু। আবেদন গ্রহণ শেষ হয়েছে ৭ ডিসেম্বর রাত ১২টায়। তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি, যেখানে মোট আসন ৩ হাজার ৯৯৭টি। বিষয়টি মঙ্গলবার সকালে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম। তিনি জানান, ২০ নভেম্বর বেলা ১২টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলেছে। এ ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি, বি ইউনিটে ৩০ হাজার ৮৮৬টি—তার মধ্যে বাণিজ্য বিভাগের ১৮ হাজার ৪৫২ এবং অ-বাণিজ্য বিভাগের ১২ হাজার ৪৩৪টি। সি ইউনিটে আবেদন জমা পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি—এর মধ্যে বিজ্ঞান বিভাগের আবেদন ১ লাখ ২০ হাজার ৮৩৮টি, অবিজ্ঞান বিভাগের আবেদন ৫ হাজার ৩৮৭টি। আসনবিন্যাস অনুযায়ী এ ইউনিটে আসন ১ হাজার ৮৯৭টি, বি ইউনিটে ৫৬৪টি—যার মধ্যে বাণিজ্য শাখায় ৩৭৫টি, বিজ্ঞান শাখায় ১৫৮টি এবং মানবিক শাখায় ৩১টি আসন রয়েছে। সি ইউনিটে মোট আসন ১ হাজার ৫৩৬টি—এর মধ্যে বিজ্ঞান শাখায় ১ হাজার ৪৯৬টি এবং অবিজ্ঞান শাখায় ৪০টি। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ জানুয়ারি সি ইউনিট দিয়ে, ১৭ জানুয়ারি এ ইউনিট এবং ২৪ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সিলেকশন পদ্ধতি থাকছে না। পরীক্ষা হবে দুই শিফটে—সকাল ১১টা থেকে ১২টা এবং বিকাল ৩টা থেকে ৪টা। রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা নেওয়া হবে।



