কারাবন্দিদের জন্য স্বজনদের সঙ্গে ভিডিও কলের সুবিধা চালু করতে উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ। বর্তমানে বন্দিরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নির্দিষ্ট নম্বরে সাত দিন পর পর ১০ টাকায় ১০ মিনিট কথা বলতে পারেন। এবার একই পদ্ধতিতে ভিডিও কলের সুযোগও পেতে যাচ্ছেন তারা। সব ঠিক থাকলে শিগগিরই দেশের সব কারাগারে আইপি ফোন স্থাপন করা হবে, যা স্বজনদের সাক্ষাতে আসার ভোগান্তি কমাবে বলে আশা করছে কারা অধিদপ্তর। কারা অধিদপ্তর সূত্র জানায়, স্বজনদের প্রতিবার সাক্ষাতে কারাগারে আসতে গড়ে ৩ হাজার টাকা পর্যন্ত খরচ হয়, অনেকে ধারদেনা করেও আসেন। এই ভোগান্তি কমাতে ভিডিও কলের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে বন্দিরা নিজ নিজ পিসি থেকে সপ্তাহে একবার ১৫ টাকায় ১০ মিনিট ভিডিও কলে কথা বলতে পারবেন। কয়েকটি কারাগারের কর্মকর্তারা জানান, আগে মনে করা হতো কারাগারে টেলিফোন ব্যবস্থা চালু করা কঠিন, কিন্তু এখন সফটওয়্যারের মাধ্যমে সহজেই নিয়ন্ত্রণ সম্ভব। তাই আইপি ফোন স্থাপন করে যোগাযোগব্যবস্থা আধুনিক করা সম্ভব হবে এবং ভিডিও কল বন্দিদের মানসিক চাপ কমাতে সহায়তা করবে। কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, কারাগার আধুনিকায়নের অংশ হিসেবে ভিডিও কল সুবিধা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টভিত্তিক কথোপকথন সফল হওয়ায় আইপি ফোনের মাধ্যমে ভিডিও কল চালুর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।



