২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক গ্রহণ ও অনলাইনে চালান ব্যবস্থাপনা বিষয়ে জেলা, উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তাদের পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এসএম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের পাঠ্যপুস্তক সরবরাহ শুরু করেছে। শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং গ্রহণ-বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে সংশ্লিষ্টদের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়। নির্দেশনায় বলা হয়, জেলা, উপজেলা ও থানায় এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান থেকে পাঠ্যপুস্তক বুঝে নিতে হবে এবং সরবরাহকৃত বই গ্রহণের পর nctb.ihealthscreen.org ওয়েবসাইটে প্রবেশ করে ‘Chalan Management’ মেনুতে গিয়ে বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে। বই গ্রহণের পর দ্রুততম সময়ের মধ্যে চালান অনুমোদন বাধ্যতামূলক, পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনেও বই সরবরাহ ও গ্রহণ কার্যক্রম চলবে। প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে তাদের ইউজার অ্যাকাউন্টে সংশ্লিষ্ট কর্মকর্তার নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করতে হবে।



