চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক মাহাবুব আলম। তিনি একই সঙ্গে নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুর গ্রামে জন্ম নেওয়া তরুণ রাজনীতিক মাহাবুব আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং জাবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি তিনি ইয়েস গ্রুপ-টিআইবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় টিম লিডার এবং চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দেশে উচ্চশিক্ষা শেষে তিনি ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) থেকে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। রাজনৈতিক ইতিহাস গবেষক মাহবুব আলম সম্প্রতি ‘এনসিপির যাত্রা’ শিরোনামে একটি বই প্রকাশ করেছেন এবং দেশি–বিদেশি পত্রিকা ও জার্নালে তার বহু লেখা প্রকাশিত হয়েছে।



