ইনফেকশনের কারণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা হাদিকে আজ সোমবার দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, হাদির শারীরিক অবস্থার বড় কোনো উন্নতি বা অবনতি হয়নি, তবে সংক্রমণের ঝুঁকি থাকায় উন্নত ব্যবস্থাপনার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের সদস্যসচিব ডা. আব্দুল আহাদ জানান, দেশের হাসপাতাল ও সিঙ্গাপুরের চিকিৎসার মানে বড় পার্থক্য না থাকলেও সংক্রমণের হার শূন্যে নামানো জরুরি হওয়ায় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। তিনি বলেন, হাদির ফুসফুসের সমস্যা আগের মতোই আছে, নতুন করে কোনো সিটি স্ক্যান হয়নি, তবে মেডিকেল বোর্ড সম্মিলিতভাবে রেফারের সিদ্ধান্ত নিয়েছে এবং সিঙ্গাপুর থেকে আসা মেডিকেল টিমের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে। ডা. আহাদ আরও জানান, হাদির মস্তিষ্কের অবস্থা এখনো উদ্বেগজনক এবং অক্সিজেনের স্বল্পতা রয়েছে, ফলে সুস্থ হয়ে ওঠা কঠিন হলেও আশার জায়গা রয়েছে। এর আগে দুপুর ১টা ১৫ মিনিটে হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচার শেষে বিজয়নগরের কালভার্ট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক আহত হন ওসমান হাদি। গুলি তার মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং একই দিন রাতে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।



