সর্বশেষ আইপিএলে জ্যাক ফ্রেজার–ম্যাগার্কের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯ কোটি ২০ লাখ রুপিতে শাহরুখ খানের দলের হয়ে খেলবেন তিনি। এতে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ।আইপিএলে খেলা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দামি ক্রিকেটার এখন তিনি। আগের রেকর্ডটিও তারই ছিল। সর্বশেষবার ৬ কোটি রুপি দিল্লির হয়ে খেলেন তিনি। সেবার তাকে নিলাম থেকে কিনে নেয়নি। অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার–ম্যাগার্ক ব্যক্তিগত কারণে না খেলায় তার দামে দলে নিয়েছিল দিল্লি। তবে নিলাম থেকে কেনা ক্রিকেটারদের মধ্যে রেকর্ড ছিল মাশরাফি বিন মর্তুজার। সাবেক অধিনায়ককে ৬ লাখ ডলারে (প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা) কিনেছিল কলকাতা। এবার সেই রেকর্ড নিজের করে নিলেন মুস্তাফিজ, যিনি ভিত্তিমূল্য ২ কোটিতে নিলামে গেছেন।আইপিএলে মুস্তাফিজের ষষ্ঠ দল কলকাতা। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০১৬ সালে সানরাইজার্স দিয়ে অভিষেক হওয়া বাঁহাতি পেসার এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫ উইকেট নিয়েছেন। প্রথমবার ১৭ উইকেট নিয়ে উদীয়মান সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার।



