বিদায়ের সময় ‘আল্লাহ হাফেজ’ বলার অর্থ কী। কোনো মজলিসে গেলে, কারো বাড়িতে গেলে বা কারো সঙ্গে সাক্ষাৎ হলে ‘আসসালামু আলাইকুম’ বলা সুন্নত। একইভাবে কাউকে বিদায় জানানো বা কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমাদের দেশে ‘আল্লাহ হাফেজ’ বলার প্রচলন রয়েছে। ‘আল্লাহ হাফেজ’ শব্দগুচ্ছের অর্থ হলো—‘আল্লাহ হেফাজত করুন’ বা ‘আল্লাহই আপনার হেফাজতকারী হোন’। আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ কোনো মজলিসে প্রবেশ করবে, তখন যেন সে সালাম দেয়। এরপর যদি সেখানে বসতে ইচ্ছে হয় তবে বসবে, আর যখন উঠে দাঁড়াবে তখনও যেন সালাম দেয়। প্রথম সালাম পরবর্তী সালামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়; অর্থাৎ মজলিসে প্রবেশ ও বের হওয়ার সময় উভয় ক্ষেত্রেই সালাম দেওয়া সমান গুরুত্বপূর্ণ। (সুনানে তিরমিজি: ২৭০৬)। সুতরাং কারো সঙ্গে সাক্ষাৎ হলে যেমন সালাম দেওয়া সুন্নত, তেমনি বিদায়ের সময়ও সালাম দেওয়াই গুরুত্বপূর্ণ সুন্নত। বিদায়ের সময় কল্যাণের দোয়া হিসেবে ‘আল্লাহ হাফেজ’, ‘খোদা হাফেজ’ ইত্যাদি বলা জায়েজ ও উত্তম হলেও তা নবীজি (সা.) থেকে বর্ণিত নয় বলে একে সুন্নত বলা যায় না। বরং সুন্নত হলো সালাম দেওয়া, যেমনটি নবীজি (সা.) নিজে করেছেন এবং উম্মতকে নির্দেশ দিয়েছেন। তাই বিদায়ের সময় অবশ্যই সালাম দেওয়া উচিত এবং এর পাশাপাশি চাইলে ‘আল্লাহ হাফেজ’ বলা যেতে পারে।



