ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, মসজিদটির উন্নয়নে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকু সহায়তা দেওয়া হবে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজের পর সংস্কার-পরবর্তী উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা জানান, ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ফাউন্ডেশন বুক কর্নার গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুরূপ একটি বুক কর্নার গড়ে তোলার বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরসের সভায় আলোচনা করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে পবিত্র কুরআন শিক্ষা চালু করার প্রতিশ্রুতি দেন তিনি এবং এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও ডাকসুর নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে বলে জানান। অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তত্ত্বাবধানে ৬৫ বছর পর সংস্কারের মাধ্যমে নতুন রূপ পেয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ডাকসু এ সংস্কার কাজের উদ্যোগ নেয়। সংস্কার কাজের মধ্যে ছিল ১১০ টন এসি সংযোজন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নতুন দুটি অজুখানা স্থাপন, নতুন কার্পেট, দেয়াল রঙ, নারী শিক্ষার্থীদের নামাজের স্থান সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মসজিদে আসা–যাওয়ার জন্য র্যাম্প স্থাপনসহ নানা কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক একটি প্রতিষ্ঠান এ সংস্কার কাজে অর্থায়ন করেছে। মসজিদ সংস্কারের কাজ সমন্বয় করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম।



