বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তিনি মঙ্গলবার দুপুর ১২টায় ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সাবেক প্রধানমন্ত্রীকে গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। খালেদা জিয়া বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, যার মধ্যে লিভার ও কিডনির জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আথ্রাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা রয়েছে। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা ইস্কান্দার মজুমদারের বাড়ি ফেনী জেলার পরশুরামের শ্রীপুর গ্রামে এবং মাতা তৈয়বা বেগমের জন্ম পঞ্চগড় জেলার বোদা উপজেলার চন্দনবাড়ীতে। খালেদা জিয়া পরিবারের তিন মেয়ে ও দুই সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন।



