ফুটবলের বিশ্বসেরা একাদশ মানেই ব্রাজিল ও আর্জেন্টিনার আধিপত্য—এই চিরাচরিত ধারণায় এবার বড় ধরনের ব্যতিক্রম দেখা গেছে। আইএফএফএইচএসের (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস) ২০২৫ সালের বিশ্বসেরা একাদশে জায়গা পাননি কোনো ব্রাজিলিয়ান বা আর্জেন্টাইন ফুটবলার। তালিকায় সবচেয়ে বেশি ছয়জন খেলোয়াড় রয়েছেন ফরাসি ক্লাব পিএসজি থেকে। গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। রক্ষণভাগে আছেন নুনো মেন্ডেস, উইলিয়াম পাচো ও আশরাফ হাকিমি। মাঝমাঠে বার্সেলোনার পেদ্রি ও লামিনে ইয়ামালের সঙ্গে রয়েছেন পিএসজির ভিতিনহা। আক্রমণভাগে জায়গা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড, হ্যারি কেইন ও উসমান দেম্বেলে। এই একাদশে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলাররা প্রতিনিধিত্ব করেছেন, যেখানে ফ্রান্স, স্পেন ও পর্তুগাল থেকে দুজন করে খেলোয়াড় রয়েছেন।



