যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৪টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ড সভায় এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় বোয়িংয়ের পাঠানো বিমান বিক্রয় প্রস্তাব ও সংশোধিত খসড়া চুক্তি পর্যালোচনা করা হয়। প্রস্তাব অনুযায়ী, বোয়িং থেকে দুটি বোয়িং ৭৮৭-৯, আটটি বোয়িং ৭৮৭-১০ এবং চারটি বোয়িং ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মতি জানানো হয়েছে এবং মূল্য ও শর্তাবলি নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান বোয়িংয়ের বাণিজ্যিক বিমান বিভাগের ভাইস প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে জানান, এটি চূড়ান্ত চুক্তির আগে প্রাথমিক আলোচনা মাত্র এবং চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত বিমান কোনো আর্থিক বা আইনি দায়ে আবদ্ধ থাকবে না। সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিমানের বহর সম্প্রসারণ হবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়বে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, দরদামসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য একটি কমিটি গঠন করা হবে। উল্লেখ্য, এর আগে বাণিজ্য সচিব জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি ও শুল্ক ইস্যুতে বোঝাপড়ার অংশ হিসেবে বাংলাদেশ মোট ২৫টি বোয়িং কেনার সিদ্ধান্ত নিয়েছে, যার কিছু আগামী এক-দুই বছরের মধ্যে সরবরাহ পাওয়ার সম্ভাবনা রয়েছে।



