আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সিলেট টাইটান্সের। ৯২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে পারভেজ হোসেন ইমনের ৩২ বলে ৪৪ রানের ইনিংসের পর আজমতউল্লাহ ওমরজাই ঝড় তোলেন। একদিন আগে দলে যোগ দেওয়া ওমরজাই ৫ চার ও ৩ ছক্কায় ২৪ বলে অপরাজিত ৫০ রান করে সিলেটকে পৌঁছে দেন ৫ উইকেটে ১৭৩ রানে। ঢাকার হয়ে সালমান মির্জা ৪৬ রানে দুটি এবং সাইফ হাসান ১৩ রানে একটি উইকেট নেন।১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা ক্যাপিটালস। মাত্র ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ প্রায় একপেশে হয়ে যায়। উসমান খান ১৫ বলে ২১ ও সাব্বির রহমান ১৯ বলে ২৩ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। তবে আসল প্রতিরোধ গড়েন শামীম পাটোয়ারি। তিনি ৪৩ বলে ৯টি চার ও ৩টি ছক্কায় খেলেন দুর্দান্ত ৮১ রানের ইনিংস, যা তার ক্যারিয়ারসেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স।শেষ ওভারে জয়ের জন্য ঢাকার দরকার ছিল ২৭ রান। প্রথম বলে চার ও পরে ওয়াইড–নো বলে সমীকরণ সহজ হলেও মোহাম্মদ আমিরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ম্যাচ হাতছাড়া হয়। ঢাকার ইনিংস থামে ৮ উইকেটে ১৬৭ রানে। ফলে সিলেট টাইটান্স ৬ রানের রোমাঞ্চকর জয় পায়। সিলেটের হয়ে ওমরজাই ৪০ রানে নেন ২ উইকেট, আমির ও নাসুম আহমেদ নেন দুটি করে উইকেট। ম্যাচসেরা নির্বাচিত হন আজমতউল্লাহ ওমরজাই।



