স্পিনে শক্তি বাড়িয়ে প্রাথমিক স্কোয়াড অস্ট্রেলিয়ার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের কন্ডিশন বিবেচনায় স্পিন বিভাগে জোর দিয়েছে অজিরা। ১৫ সদস্যের স্কোয়াডে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে আছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান ও কুপার কনোলি। স্পিনিং অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাথু শর্টকে। চোট কাটিয়ে দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিড, যা স্কোয়াডের বড় চমক হিসেবে দেখা হচ্ছে। চলতি অ্যাশেজে সীমিত অংশগ্রহণ করা কামিন্স ও হ্যাজলউডের চূড়ান্ত ফিটনেস যাচাই হবে চলতি মাসের শেষ দিকে। দলে জায়গা পাননি মিচেল ওয়েন ও বেন দারউইশ। পেস বিভাগে আছেন কামিন্স, হ্যাজলউড, নাথান এলিস ও হাভিয়ের বার্টলেট, সঙ্গে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও মার্কাস স্টয়নিস। কামিন্স বা হ্যাজলউড না খেলতে পারলে বিকল্প হিসেবে দারউইশ ডাক পেতে পারেন। আগামী ১১ ফেব্রুয়ারি কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে। অস্ট্রেলিয়া স্কোয়াডে রয়েছেন মিচেল মার্শ (অধিনায়ক), হাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, প্যাট কামিন্স, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, ম্যাথু কুনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।



