প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়লেও দেশের বাজারে এবার ‘আগুন’ লেগেছে। নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ সময় বেলা ১টা ২৪ মিনিটে স্পট স্বর্ণের দাম ১.৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২.৩৫ ডলারে পৌঁছায়। এর আগে গত ২৬ ডিসেম্বর সর্বকালের সর্বোচ্চ ৪ হাজার ৫৪৯.৭১ ডলারে পৌঁছেছিল। তবে ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম দুই সপ্তাহের সর্বনিম্নে নেমে আসে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রমবর্ধমান চাহিদাই এই দাম বৃদ্ধির মূল কারণ। ২০২৫ সালে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল ৬৪ শতাংশ, যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ রেকর্ড। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা এবং বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন, ২০২৫ সালের ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ সালে সোনার দাম বৃদ্ধি পাচ্ছে।



