আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুনির্দিষ্ট পদ্ধতি স্পষ্ট করেছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলে অথবা কোনো মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্তে অন্য কোনো প্রার্থী সংক্ষুব্ধ হলে তাকে নির্ধারিত নিয়ম মেনে নির্বাচন কমিশনে আপিল করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা থেকে পাঠানো এক নির্দেশনায় জানানো হয়েছে, আপিল দাখিলের ক্ষেত্রে পূর্বে জারি করা পরিপত্র-২ এর ১৯ নম্বর দফার নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। প্রার্থীদের সুবিধার্থে ইসি জানিয়েছে, আপিল করতে ইচ্ছুক ব্যক্তি বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে এবং কমিশন নির্ধারিত নির্দিষ্ট ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক। ঘোষিত নির্বাচনি তফশিল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই পুরো আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সব রিটার্নিং, সহকারী রিটার্নিং ও আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত প্রার্থীদের এসব নিয়ম সম্পর্কে অবহিত করেন। অন্যান্য নির্বাচনের মতো এবারও আপিল শুনানির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে দ্রুত অভিযোগ নিষ্পত্তি করবেন।



