ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে প্রায় একই সময়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমানঘাঁটি এবং ফুয়ের্তে তিউনা প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং শহরের আকাশে বিমান উড়ে যাওয়ার অসমর্থিত খবরও পাওয়া যায়। হামলার পরপরই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে সরকার এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়। বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের এই গুরুতর সামরিক আগ্রাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান ও নিন্দা জানানো হচ্ছে। এদিকে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন এবং শনিবার ভোরে কারাকাসে বিস্ফোরণ ও বিমান হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন অবগত ছিল। ক্যারিবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌযানের ওপর ওয়াশিংটনের সামরিক অভিযান অব্যাহত থাকার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। অন্যদিকে ভেনেজুয়েলা সরকার দাবি করছে, প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরানো এবং দেশটির বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নিতেই যুক্তরাষ্ট্র এই সামরিক পদক্ষেপ নিয়েছে।
সূত্র: বিবিসি



