ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ যদি সীমান্ত পেরিয়ে ভারতেও পালিয়ে থাকেন, তবে তাদের দেশে ফিরিয়ে আনার অনেক উপায় আছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, এই দুই খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত র্যাব সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করে যাবে। রোববার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক জানান, গত ১২ ডিসেম্বর শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর ১২ থেকে ১৬ ডিসেম্বরের মধ্যে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুনে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে নিরবচ্ছিন্ন অভিযান চলছে এবং তারা ধরা না পড়া পর্যন্ত র্যাব থামবে না বলেও জানান তিনি। পলাতক দুই আসামি ভারতে আত্মগোপনে আছে কি না—এমন প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, প্রযুক্তিগত ও ম্যানুয়াল সোর্সের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। অবস্থান নিশ্চিত হওয়া গেলে গ্রেপ্তার সহজ হবে। কোনো আসামি দেশের বাইরে পালিয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে এবং র্যাবের হাতে একাধিক উপায় আছে। অবস্থান শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ছায়া তদন্ত অব্যাহত থাকবে এবং এই চাঞ্চল্যকর হত্যার নেপথ্যে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।



