জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিট) ভোট গণনা পুনরায় শুরু করা যায়নি।
মঙ্গলবার বেলা ৩টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গণনা কার্যক্রম শুরু হয়। তবে গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই ওএমআর মেশিনে ত্রুটি দেখা দেয়। নির্বাচন কমিশন জানায়, মেশিনে কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে গণনা শুরু হলেও তা আবার বন্ধ করে দিতে হয়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি বলেন, ‘ওএমআর মেশিনে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। যেকোনো পরিস্থিতিতেই স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখেই ফল প্রকাশ করা হবে।’
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম প্রার্থীদের নিয়ে বোর্ড রুমে বৈঠকে বসেন। বৈঠকে ভোট গণনা সংক্রান্ত জটিলতা ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভোট গণনায় দীর্ঘ বিলম্ব হওয়ায় কেন্দ্রীয় মিলনায়তনের বাইরে প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে উৎকণ্ঠা ও অপেক্ষা লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিলনায়তন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। ভোট গণনা কবে নাগাদ পুনরায় শুরু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময় জানানো হয়নি।



