টেকনিক্যাল কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা বন্ধ রাখা হয়েছে। নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আনিসুর রহমান মঙ্গলবার রাতে জানান, টেকনিক্যাল সমস্যার কারণে আপাতত ভোট গণনা বন্ধ রাখা হয়েছে এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন ভাইস চ্যান্সেলরের কনফারেন্স রুমে বৈঠকে বসবে। তিনি বলেন, তিন দিন ট্রায়াল দেওয়ার সময় কোনো ত্রুটি দেখা যায়নি, তবে বর্তমানে ভিপি ও জিএস পদপ্রার্থীদের সঙ্গে আলোচনা করে ইনক্লুসিভ সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলে। এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫ এবং বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়, পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলসহ একটি আংশিক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।



