মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়ার প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়েছে—এমন দাবিকে সম্পূর্ণ অসত্য বলে নাকচ করেছে বিসিবি। বোর্ড জানায়, এই বিষয়ে আইসিসিতে পাঠানো চিঠির জবাব তারা পেয়েছে এবং আইসিসি বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বুধবার বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে আইসিসি নিবিড়ভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনায় বিসিবির মতামতকে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে। এর আগে ভারতের ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা বিসিবিকে দিয়েছে আইসিসি। তবে বিসিবি স্পষ্ট করে জানিয়েছে, আইসিসি তাদের এমন কোনো বার্তা দেয়নি এবং কিছু গণমাধ্যমে প্রচারিত ‘আলটিমেটাম’-সংক্রান্ত খবর সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। বিসিবি আরও জানায়, আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরন এসব প্রতিবেদনের সঙ্গে কোনোভাবেই মিল নেই। বিজ্ঞপ্তিতে ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কেও জানানো হয়, জাতীয় দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিসিবি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্বাচ্ছন্দ্যপূর্ণ ও সফল অংশগ্রহণ নিশ্চিত করতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আলোচনায় যুক্ত থাকবে, যাতে একটি বাস্তবসম্মত ও সন্তোষজনক সমাধানে পৌঁছানো যায়।



