বর্তমান পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ অনড় রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, এই অবস্থান আইসিসিকে ব্যাখ্যা করতে বাংলাদেশ সক্ষম হবে বলেও সরকার আশাবাদী। বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে তিনি এসব কথা জানান। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের পরিচালকরা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসিফ নজরুল বলেন, ক্রিকেটারদের নিরাপত্তা, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশ ক্রিকেট খেলতে ও বিশ্বকাপে অংশ নিতে চায়, তবে ভারতের পরিবর্তে আয়োজক আরেক দেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। তিনি আরও বলেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং কেন এই অবস্থান নেওয়া হয়েছে তা আইসিসিকে বোঝাতে পারবে বলে আশা করা হচ্ছে। আইসিসি বাংলাদেশের যুক্তিগুলো নিরপেক্ষ ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করে কষ্ট করে অর্জিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় বাংলাদেশ।



