জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।প্রকাশিত ফলাফলের সমন্বয়ে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৩৫১ ভোটে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবের তুলনায়। সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম রাকিব পেয়েছেন ৩০১৩ ভোট।নির্বাচনে জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটের মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট নেওয়া হয়, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়।



