জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিনটি পদ—ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—সবকটিতেই শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা তিনটি গুরুত্বপূর্ণ পদেই পরাজয়ের মুখে পড়েছেন।
কেন্দ্রীয় সংসদের ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে বুধবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। এ হিসাবে রিয়াজুল ইসলাম ৮৭০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ১৩৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৩ ভোট।
উল্লেখ্য, কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গত মঙ্গলবার বহুল প্রতীক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটারদের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ছিলেন ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন।
নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা একটি কেন্দ্র নির্ধারণ করা হয়।
এই ফলাফলের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতিতে শিবির সমর্থিত প্যানেলের শক্ত অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



