আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হলে তাতে বিএনপি ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সবার আগে সংস্কার চেয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই দলের সিদ্ধান্ত। মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে এবং জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাবও দলটি দিয়েছে। বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।



