বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের বয়কটের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ কোনো ম্যাচ মাঠে গড়ায়নি, কারণ ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানান। সমস্যার সমাধান না হওয়ায় দিনের প্রথম ও দ্বিতীয়—দুটো ম্যাচই পরিত্যক্ত হয়। এমনকি দুই দলের কেউই মাঠে উপস্থিত হননি। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেস এবং দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের খেলার কথা ছিল। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের দাবি ছিল, এম নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে; তবে তাকে কেবল পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ায় ক্রিকেটারদের অসন্তোষ কাটেনি। এরই মধ্যে বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, বোর্ডের স্বার্থ বিবেচনায় এম নাজমুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এতে গঠনতন্ত্রের কোনো ধারা লঙ্ঘন হয়নি। গঠনতন্ত্রের ৩১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। আপাতত বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পালন করবেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।



