বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬
spot_img
Homeজাতীয়শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রের গাফিলতির অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রের গাফিলতির অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে রাষ্ট্রীয় তদন্তে চরম গাফিলতি ও অসহযোগিতার অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। মামলার চার্জশিট পর্যালোচনা ও পরবর্তী কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানানো হয়। সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, আজ আদালতে চার্জশিট পর্যালোচনার শুনানি অনুষ্ঠিত হয়েছে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তদন্ত প্রতিবেদন ও চার্জশিটের বিরুদ্ধে নারাজি জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, হত্যাকাণ্ডের রাতে গোয়েন্দা সংস্থা ফোন করে ঘটনাস্থল শনাক্ত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহে সহায়তা চাইলেও ঘটনার আগে ও পরে রাষ্ট্রীয় সংস্থাগুলোর অসংগঠিত ও পরস্পরবিরোধী আচরণ রহস্যজনক। তিনি জানান, মামলার বাদী হওয়া সত্ত্বেও আজ পর্যন্ত থানার পক্ষ থেকে মামলার কোনো কপি দেওয়া হয়নি এবং একাধিক থানায় যোগাযোগ করেও পুলিশ সহযোগিতা করেনি। কখনো বলা হচ্ছে আসামি ভারতে পালিয়েছে, কখনো ঢাকায় রয়েছে, আবার ডিবি মেঘালয়ে অবস্থানের কথা বললেও সেখানকার পুলিশ তা অস্বীকার করেছে—এতে তদন্তের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। চার্জশিটকে দুর্বল ও অস্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, এতে মূল পরিকল্পনাকারীদের নাম নেই এবং একটি সংঘবদ্ধ খুনি চক্রের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। শুধু ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটেছে—এই যুক্তিকে অযৌক্তিক আখ্যা দিয়ে তিনি বলেন, তাহলে দুই মাস ধরে নজরদারি ও ২১ জনের টিম প্রস্তুত থাকার তথ্য কেন উপেক্ষিত। তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রের ধারাবাহিক অসহযোগিতা সন্দেহ তৈরি করছে যে এই হত্যাকাণ্ডে রাষ্ট্রের কেউ জড়িত কি না। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার সংশ্লিষ্টতা থাকলেও সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বড় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা বিচার দাবিতে মাঠে না নেমে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ দেখাচ্ছে। তিনি জানান, হত্যার আগে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর শাহবাগ থানায় জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে জিডি করেছিলেন ওসমান হাদি, কিন্তু পুলিশ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং হত্যার পর প্রথমে জিডির বিষয়টি অস্বীকারও করা হয়। সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার বাদজুমা শাহবাগসহ সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়ে তিনি বলেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments