শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিইসলামী আন্দোলনের জোটত্যাগ: চারটি আপত্তিতে আলাদা পথে চরমোনাই পীরের দল

ইসলামী আন্দোলনের জোটত্যাগ: চারটি আপত্তিতে আলাদা পথে চরমোনাই পীরের দল

জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনি ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছে। শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সমঝোতায় না থাকার চারটি কারণ তুলে ধরেন তিনি, যার সবগুলোই বর্তমানে ১০ দলীয় জোটের প্রধান শরিক জামায়াতে ইসলামীকে কেন্দ্র করে। জামায়াত জোট ছাড়ার ব্যাখ্যায় তিনি বলেন, আমরা ইসলাম প্রতিষ্ঠাকে ইবাদত মনে করে রাজনীতি করি, এজন্য আমাদের নেতাকর্মীদের কোনো হতাশা নেই। আমরা জানি আমাদের পথচলা হয়তো মসৃণ নাও হতে পারে। ক্ষমতার রাজনীতি আমরা করি না, নীতি আদর্শের রাজনীতি করি। ১১ দলের জোটে ইনসাফের প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি, সেজন্যই আজ এই ঘোষণা দিতে বাধ্য হচ্ছি। তিনি জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে, এর মধ্যে আপিলে দুজনের বাতিল হয়েছে এবং বাকি ২৬৮ জন প্রার্থী মাঠে কাজ করছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের আমির আমাদের সঙ্গে আলোচনা না করেই বিএনপির প্রধান তারেক রহমানের সঙ্গে সমঝোতার কথা বলেছেন, এতে আমাদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে এই নির্বাচন পাঁতানো হবে কি না। তিনি আরও বলেন, আমরা ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে প্রতারণা করতে পারি না। ইসলামের আলোকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছি এবং সেই লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারি না। গতকাল ১১ দলীয় জোটের ব্যানারে যে সংবাদ সম্মেলনে আসন বণ্টন হয়েছে সেখানে আমাদের দীর্ঘদিনের লক্ষ্য অর্জিত না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলেও তিনি জানান। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, তারা বড় শক্তি হলেও আদর্শিকভাবে আমরা কারও চেয়ে দুর্বল নই। গাজী আতাউর রহমান বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলে শরিয়া আইন প্রতিষ্ঠা না করার আশ্বাস দিয়েছেন, বিষয়টি জানার পর আমরা স্পষ্ট হয়ে গেছি যে আমাদের লক্ষ্য অর্জিত হবে না। কারণ প্রধান শক্তিরাই যদি ইসলামী আইনের প্রতি আস্থা না রাখে তাহলে ইসলামের পক্ষে কাজ করা কর্মীদের স্বপ্ন বাস্তবায়িত হবে না। তিনি বলেন, সারা দেশের ২৬৮টি বৈধ আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নেবে এবং ইসলামপন্থি শক্তির সব ভোট এক বাক্সে ফেলতে চায় দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments