টানা এক সপ্তাহ ধরে উত্থানের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা কমায় ভূ-রাজনৈতিক উত্তেজনা হ্রাস এবং প্রত্যাশার চেয়েও শক্তিশালী মার্কিন অর্থনৈতিক তথ্যের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। এতে স্বর্ণের দামে উত্থানে ভাটা পড়ে। একই সঙ্গে আরেক মূল্যবান ধাতু রুপার দামেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৯টা ১৮ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৩ শতাংশ কমে ৪ হাজার ৬০৩ দশমিক ০২ ডলারে দাঁড়িয়েছে। গত বুধবার রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৬৪২ দশমিক ৭২ ডলারে পৌঁছেছিল মূল্যবান এই ধাতু। একই সময় ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৬০৬ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। এছাড়া শুক্রবার স্পট সিলভারের দাম প্রতি আউন্সে ১ দশমিক ১ শতাংশ কমে ৯১ দশমিক ৩৩ ডলারে নেমেছে, যদিও আগের সেশনে এটি রেকর্ড সর্বোচ্চ ৯৩ দশমিক ৫৭ ডলার ছুঁয়েছিল। বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রত্যাশার চেয়ে কম মার্কিন মূল্যস্ফীতি তথ্যের কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন, ফলে স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমেছে। জুলিয়াস বেয়ার বিশ্লেষক কার্স্টেন মেনকে বলেন, সোনার বাজারে যে গতি ছিল তা এখন কিছুটা ম্লান হয়ে গেছে, যার প্রধান কারণ মার্কিন অর্থনৈতিক তথ্য, যা ডলারের শক্তিশালী হওয়ার ইঙ্গিত দেয়। ডলার শক্তিশালী হলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণের দাম বেড়ে যায়। অন্যদিকে ইরানে চলমান বিক্ষোভ কমে আসায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা হ্রাস পাওয়ায় আপাতত সেখানে মার্কিন হামলার শঙ্কা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে।
বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
RELATED ARTICLES



