ঢাকায় ভাড়াটিয়াদের জন্য এসেছে বড় স্বস্তির বার্তা। এখন থেকে দুই বছরের আগে বাড়িভাড়া বাড়ানো যাবে না বলে নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার গুলশান-২ নগর ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, জানুয়ারি মাসে ভাড়া বাড়ানোর যে প্রচলিত রীতি আছে তা বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে বাড়িভাড়া বাড়ানো যাবে কেবল জুন-জুলাই অর্থবছরের নির্ধারিত সময়েই। নতুন নির্দেশনায় বাড়িওয়ালাদের জন্য বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ সব ইউটিলিটি সেবা চালু রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং ছাদ বা বারান্দায় সবুজায়নের সুযোগ রাখার কথা বলা হয়েছে। নিরাপত্তার প্রয়োজনে ভাড়াটিয়াকে শর্তসাপেক্ষে মূল গেট ও ছাদের চাবিও দিতে হবে। অন্যদিকে ভাড়াটিয়াকে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া পরিশোধ ও লিখিত রসিদ সংগ্রহ করতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়, নির্ধারিত মানসম্মত ভাড়া দুই বছর অপরিবর্তিত থাকবে এবং পরে উভয় পক্ষের আলোচনার মাধ্যমে তা পরিবর্তন করা যাবে। কোনো ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দিলে বাড়িওয়ালা লিখিত নোটিশ দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদের উদ্যোগ নিতে পারবেন। বার্ষিক ভাড়া বৃদ্ধির হার এলাকার বাজারদরের সর্বোচ্চ ১৫ শতাংশের মধ্যে সীমিত থাকবে। সব শর্ত লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে এবং অগ্রিম ভাড়া নেওয়া যাবে সর্বোচ্চ এক থেকে তিন মাস পর্যন্ত। পাশাপাশি স্থানীয় পর্যায়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া সমিতি গঠন করে বিরোধ নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হবে এবং সিটি করপোরেশন ওয়ার্ডভিত্তিক সহায়তা প্রদান করবে।



